আফ্রিকার উত্তরাঞ্চলীয় দেশ সুদানে বিতর্কিত সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে সেনাবাহিনীর গুলিতে অন্তত সাতজনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও ১৪০ জন। সোমবার (২৫ অক্টোবর) দেশটিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল এবং জরুরি অবস্থা জারির পর সুদানের সড়কগুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, মূলত সেখানেই সেনা সদস্যরা গুলি চালালে এই হতাহতের ঘটনাগুলো ঘটল।মঙ্গলবার (২৬ অক্টোবর) প্রতিবেদন প্রকাশের মাধ্যমে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ, বার্তা সংস্থা রয়টার্স ও কাতারভিত্তিক মিডিয়া আল-জাজিরা জানিয়েছে, এবার সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে সেনাবাহিনীর সদস্যদের চালানো গুলিতে প্রাণহানির কথা স্বীকার করেছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাও।
এর আগে সোমবার সুদানের সামরিক বাহিনীর জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত অন্তর্বর্তী সরকারকে উৎখাতের মাধ্যমে ক্ষমতা দখল করেন দেশটির সেনা সদস্যরা। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সার্বভৌম কাউন্সিল এবং সরকার ভেঙে দেওয়া হয়। এছাড়া সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদকসহ দেশটির বেশ কয়েকজন মন্ত্রী ও বেসামরিক কর্মকর্তাকেও আটক করা হয়।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, সোমবার সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীন সরকারকে হটিয়ে সুদানের ক্ষমতা দখলে নেওয়ার পর সেনা সদস্যদের বিরুদ্ধে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন দেশটির গণতন্ত্রকামী জনগণ। এ সময় বিক্ষোভস্থলে বেশ কিছুক্ষণ গোলাগুলির শব্দ শোনা যায়। এতে কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানিয়েছে, সামরিক অভ্যুত্থান, জরুরি অবস্থা জারি এবং রাজনৈতিক নেতৃবৃন্দদের গ্রেফতারের বিরুদ্ধে সোমবার সড়কে অবস্থান নেন সাধারণ সুদানিরা। পরবর্তীকালে তাদের ছত্রভঙ্গ করতে গুলিবর্ষণ শুরু করেন সেনা সদস্যরা। আর এতেই ওই হতাহতের ঘটনা ঘটে।
মিডিয়াটি বলছে, এবার প্রতিবাদ ও বিক্ষোভের আয়োজকদের গ্রেফতারে রাজধানী খার্তুমের বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছে সুদানের সামরিক বাহিনী।
এ দিকে বিশ্বজুড়ে এই সামরিক অভ্যুত্থানের তীব্র নিন্দা জানানো হয়েছে এবং যুক্তরাষ্ট্র তাদের ৭০ কোটি মার্কিন ডলারের সহায়তা এরই মধ্যে স্থগিত করেছে। সামরিক অভ্যুত্থানের মূল হোতা জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান এই অভ্যুত্থানের জন্য রাজনৈতিক নেতৃত্বের দ্বন্দ্বকেই দোষারোপ করেছেন।
হামলায় আহত এক বিক্ষোভকারী বিবিসি নিউজকে জানিয়েছেন, সেনাবাহিনীর সদর দফতরের পাশে সামরিক সদস্যরা তার পায়ে গুলি চালিয়েছে। অন্য এক বিক্ষোভকারী জানিয়েছেন, সড়ক থেকে বিক্ষোভকারীদের সরাতে সেনা সদস্যরা প্রথমে স্টান গ্রেনেড ও এরপর সরাসরি তাজা গুলিবর্ষণ করে।
ব্রিটিশ মিডিয়াটি বলছে, খার্তুমের একটি হাসপাতালে বহু মানুষকে রক্তাক্ত কাপড় এবং বিভিন্ন রকমের আঘাত নিয়ে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে গেছে।
বিশ্লেষকদের মতে, সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা আবদেল ফাত্তাহ আল-বুরহান দেশটির সার্বভৌম কাউন্সিলের প্রধান। ক্ষমতাসীন সরকারের সঙ্গে ক্ষমতার ভাগাভাগি রয়েছে এই কাউন্সিলের।
বিতর্কিত সেনা অভ্যুত্থানের পর দেশটির অধিকাংশ সরকারি দফতর, মন্ত্রণালয়, গণমাধ্যমের নিয়ন্ত্রণ এরই মধ্যে নিজেদের হাতে নিয়ে গেছে সামরিক সদস্যরা। এরপর অভ্যুত্থানের পক্ষে বিবৃতি দিতে অস্বীকৃতি জানানোয় দেশটির প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদককে প্রথমে গৃহবন্দি, এরপর অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয় বলে সুদানের তথ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।